পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে লাভ লেন এবং লাভ লেন থেকে ডিসি হিল পর্যন্ত সড়কের প্রায় দেড় কিলোমিটার জুড়ে আলপনা অঙ্কনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল রাত সাড়ে ৯ টায় কাজীর দেউড়ি মোড়ে এ কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবারও এ কর্মসূচি চলবে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দৈনিক আজাদীকে বলেন, বাংলা নববর্ষ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণস্পন্দন। বৈশাখের বর্ণিল সাজ প্রতিটি বাঙালির জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ আর অসাম্প্রদায়িক এক অনুভূতি। এটি আমাদের তথা বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবে যাতে কোনো কমতি না থাকে; সে বিষয়ে কাজ করছি আমরা। গুরুত্বপূর্ণ সড়কে আলপনা অঙ্কনের উদ্যোগ এরই ধারাবাহিকতা। তিনি বলেন, পহেলা বৈশাখের দিন সার্কিট হাউস থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। নগরীর ডিসি হিলে গিয়ে তা শেষ হবে। ডিসি হিল প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, জাতীয় সঙ্গীত, পুঁিথ পাঠ থেকে শুরু করে বাউল গানে সাজানো হয়েছে অনুষ্ঠান। আশা করছি, প্রাণবন্ত হবে এবারের বৈশাখ। নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণেও অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।













