জেমসের নগর বাউল ব্যান্ড ছেড়েছেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। দেড় দশকের বেশি সময় জেমসের সঙ্গে বাজিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে দলটি ছেড়েছেন বলে গ্লিটজকে জানিয়েছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। খবর বিডিনিউজের। রানার জায়গায় গিটারিস্ট হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। রবিন বলেন, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় দলকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না রানা। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন এলিন। তিনি আমাদের শেষ কয়েকটা কনসার্টে পারফর্ম করেছেন। গেল মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। এর আগে ২০২০ সালে অতিথি আর্টিস্ট হিসেবে নগর বাউলে বাজানোর অভিজ্ঞতা আছে তার। শূন্য ব্যান্ডের গিটারিস্ট হিসেবে পরিচিতি আছে এলিনের। সর্বশেষ চিরকুট ব্যান্ডে অতিথি সদস্য হিসেবে যুক্ত ছিলেন। নগর বাউল ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছে মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)। ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়া’, ‘কবিতা’, ‘দিওয়ানা দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’ ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘না জানি কোহি’ সহ বহু গানে কয়েক প্রজন্মের দর্শক শ্রোতা মাতোয়ারা করে রেখেছে জেমসের এই ব্যান্ডটি।













