ধ্রুপদ, খেয়াল সঙ্গীতের সুরে ভাসলো শ্রোতা। শাস্ত্রীয় সংগীতের সুরের মূর্ছনায় মুখর হয়ে ওঠে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন (টিআইসি)। সংগীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী
স্মরণে “সুরের অর্ঘ্য” শীর্ষক মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী বিদূষী মৃণালিনী চক্রবর্তীকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। শাস্ত্রীয় সঙ্গীত ধ্রুপদ পরিবেশন করেন নির্মলেন্দু চৌধরীর শিষ্য ও প্রশিষ্যবৃন্দ। খেয়াল পরিবেশন করেন পণ্ডিত জহুর মুখার্জি চারুকেশী রাগে। রাজীব মজুমদার মারোয়া রাগে খেয়াল পরিবেশন করেন। অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন সুদীপ সেনগুপ্ত, পলাশ দে, সানি দে। তানপুরায় সম্পদ বড়ুয়া, হারমোনিয়ামে ছিলেন লিটন সেন ও অমৃত চক্রবর্ত্তী। উৎপল দে মিঠুর পরিচালনায় তবলা লহরা পরিবেশন করে বোলবাণী একাডেমি, ভরত নাট্যম পরিবেশন করেন সুরাঙ্গন বিদ্যাপীঠ। নৃত্য পরিচালনায় ছিলেন হিল্লোল দাশ সুমন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লোপা দাশ ও রিয়া দাশ। অনুষ্ঠানে সুরের মূর্ছনায়, তাল–লয়ের বন্ধনে, সঙ্গীত ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতম অনুভূতি।











