দ্রুত গ্যাস সংকট সমাধানের আহ্বান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতির

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন শিল্প কারখানায় গ্যাস সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। এছাড়া প্রকাশিত সংবাদের খবর অনুযায়ী চট্টগ্রামে গ্যাস সংকটের আরও একটি কারণ হচ্ছে চট্টগ্রামে সরবরাহ কমিয়ে অন্যত্র গ্যাস পাঠানো হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, পর্যাপ্ত গ্যাসের অভাবে অনেক শিল্প কারখানা উৎপাদন চালু রাখতে বাধ্য হয়ে ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করছে। যার ফলে উৎপাদিত পণ্যের খরচ অনেক বেড়ে যাচ্ছে এবং শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা ও স্থিতিশীলতার উপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। শুধু গ্যাস সংকট নয় লোডশেডিও ভোগাচ্ছে দেশের মানুষকে।

খলিলুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানও বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে। এর ফলে রপ্তানি ব্যাহত হওয়াসহ দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এমতাস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি অবিলম্বে বিকল্প ব্যবস্থায় হলেও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়কে চট্টগ্রামের শিল্প কারখানা এবং বাসা বাড়িতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহসহ জরুরি ভিত্তিতে গ্যাস সংকট সমাধানের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড সাড়ে ১৪ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদেড় বছর পর ধ্বংস হচ্ছে নিলাম অযোগ্য ৯১ টন পণ্য