শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্যোক্তা ভাবনাকে উৎসাহিত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ে ‘ইউএসটিসি ইনোভেটিভ সায়েন্স অ্যান্ড বিজনেস আইডিয়া কম্পিটিশন’ (আইএসবিআইসি) এর দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ের উপস্থাপনা ও মূল্যায়নের ভিত্তিতে সেরা ১০ জন প্রতিযোগীকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিযোগীরা বিজ্ঞান ও ব্যবসা এই দুই বিভাগে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে প্রত্যেক প্রতিযোগীকে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের জন্য তিন মিনিট সময় দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির ভারপ্রাপ্ত উপাচার্য ড. হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমিন। অতিথি ছিলেন মাটি–টার প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনিম মাহমুদ। এতে সভাপতিত্ব করেন ইউএসটিসির ব্যবসায় অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং আইএসবিআইসির আহ্বায়ক চন্দ্রা দাস।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণার প্রতি আগ্রহ, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নতুন ধারণা নিয়ে কাজ করতে, প্রচলিত সমস্যার কার্যকর সমাধান খুঁজতে এবং নিজেদের উদ্ভাবনকে বাস্তবমুখী উদ্যোগে রূপ দিতে উৎসাহিত করেন।
সমাপনী পর্বে প্রতিযোগিতার বিজ্ঞান ও ব্যবসায়িক ধারণা উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছয়জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞানভিত্তিক ধারণা বিভাগে বিজয়ীরা হলেন প্রথম চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের তাজরিন ফেরদৌস রিয়ানা, দ্বিতীয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সালিম সিদ্দিক এবং তৃতীয় হন দিনাজপুর সরকারি কলেজের মো. তাওসিফ রহমান। ব্যবসায়িক ধারণা বিভাগে বিজয়ীদের মধ্যে প্রথম হন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মো. সাদাতউল্লাহ সাদ, দ্বিতীয় চট্টগ্রাম কলেজের সাবিহা আফরিন তালুকদার এবং তৃতীয় হন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের আমির আসাদুল্লাহ চৌধুরী। উভয় বিভাগে প্রথম স্থান অর্জনকারীদের ল্যাপটপ, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ট্যাব এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মোবাইল ফোন প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












