দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়ে রাত ৯টা করা হয়েছে। জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে কয়েক দফা সময় কমানোবাড়ানোর পর ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত এল। এ সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় মন্ত্রী তাকে নতুন সময়সূচির কথা জানিয়েছেন। খবর বিডিনিউজের।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে সম্প্রতি জ্বালানি সংকট দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সরকারিবেসরকারি অফিসের সময়সীমা এক ঘণ্টা কমানো হয়। একইসঙ্গে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত হয়। যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধা ৭টা করা হয়। কোরবানির ঈদের আগে দোকানপাট ও বিপণিবিতান খোলার সময়সীমা শিথিল করে রাত ১০টা করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজারবাসী আজ পরিদর্শনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাইকের সিটের নিচে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবা