দেশ গড়তে নৈতিক ও যোগ্য ব্যক্তির বিকল্প নেই

মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশে হামিদুর রহমান আযাদ

| বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি টেকসই ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ। তিনি বলেন, কেবল জনসংখ্যা নয় সুশিক্ষা, চরিত্রগঠন এবং পেশাগত দক্ষতার সমন্বয়ই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। গত ৪ মে রাতে মহানগরীর মিলনায়তনে মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের উচিত আত্মউন্নয়ন, সময়োপযোগী জ্ঞান অর্জন এবং নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদেরকে আদর্শ নেতৃত্বে পরিণত করা। তিনি সংগঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এবং আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন ছাড়া কোনো সংগঠন কিংবা রাষ্ট্র দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। এজন্য পরিকল্পিত প্রশিক্ষণ, গবেষণা এবং নেতৃত্ব বিকাশের ধারাবাহিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

এসময় চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সভাপতি সিফাত উল্লাহ রায়হান, ছাত্রশিবির মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ, মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মুহাম্মদ পারভেজ মোশাররফ প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আতাহার উদ্দিন, মামুনুর রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন আব্দুল হান্নান চৌধুরী, . আবুল কালাম আজাদ, শফিউল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির পুরকৌশল বিভাগে ফেস্ট ও বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচুয়েটে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ২ জুলাই, ক্লাস শুরু ৫ জুলাই