প্রধানমন্ত্রীর নির্দেশনায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়ন, পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে ব্যাপক ত্রাণ বিতরণ করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় দুর্গম ও পানিবন্দী এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ কার্যক্রমের আওতায় হাটহাজারী উপজেলার মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি হাটহাজারী পৌরসভার ক্ষতিগ্রস্ত পরিবার এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বন্যাদুর্গত মানুষের মাঝেও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কালে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে।











