সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
গতকাল সোমবার বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এমপি জহিরুল ইসলাম বলেন, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আমরা সনাতনী ভাইদের পাশে সবসময় আছি। তাদের পাশে থাকাটা তাদের প্রতি দয়া কিংবা অনুগ্রহ নয়, আমাদের দায়িত্ব। বাঁশখালী সামপ্রদায়িক সমপ্রীতির জনপদ। আমাদেরকে সেই সমপ্রীতির বন্ধন অটুট রাখতে হবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামজীদুর রহমান তন্ময়, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের মেডিকেল অফিসার ডা. সাইফুল আমিন, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটারি মহিউদ্দিন খান জসীম, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










