কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট আগে নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছিলেন, ‘ভিন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন, আজ অসম্ভব সুন্দর…।’ পরে সেই পোস্টটিই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পেকুয়া পৌরসভার থানা রোডের বাইম্যাখালী বড় কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত হাসান জয় পেকুয়া পৌরসভার পূর্ব গোঁয়াখালী এলাকার বদিউল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ২টার দিকে ইন্টারনেট সংযোগের কাজ করতে ঘটনাস্থলে যান জয়। একপর্যায়ে ইন্টারনেটের তার টানার সময় একটি গাছের ডাল পাশ দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়ের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, মৃত্যুর আগে দেওয়া তার ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।












