দুই উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত বাস্তবায়নের আহ্বান

ছনুয়া-ভাঙাখালী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন ও কঙবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মধ্যে সহজ, নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জলকদর খালের ওপর ‘ছনুয়াভাঙাখালী ব্রিজ’ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত ১১ জুন ছনুয়া ইউনিয়নের ছেলবন এলাকায় ভাঙা সাঁকোর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী আবু ইউসুফের সঞ্চালনায় এবং হাসান মুহাম্মদ জুনায়েদ রাসেলের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হেফজখানার শিক্ষকশিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলেসহ সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভৌগোলিক ও প্রশাসনিকভাবে ছনুয়া ইউনিয়ন উপজেলার অন্তর্ভুক্ত হলেও শিক্ষা, চিকিৎসা, ব্যবসাবাণিজ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে এলাকার মানুষ মূলত পেকুয়া উপজেলার ওপর নির্ভরশীল। ছনুয়া ইউনিয়ন থেকে বাঁশখালী পৌরসভার দূরত্ব ২৫ কিলোমিটারেরও বেশি হলেও পেকুয়া পৌরসভার দূরত্ব ১০ কিলোমিটারের কম হওয়ায় স্থানীয়দের যাতায়াত ও সেবা গ্রহণে পেকুয়া অধিক সুবিধাজনক। তারা বলেন, সমপ্রতি পেকুয়াকে পৌরসভা হিসেবে ঘোষণার ফলে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের নির্ভরশীলতা আরও বৃদ্ধি পাবে। কিন্তু জলকদর খালের ওপর একটি স্থায়ী সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দুই ইউনিয়নের হাজারো মানুষ। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, অ্যাডভোকেট সরওয়ার কামাল, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বসর বাবু, সোহেল আজিম, কাইসার হামিদ, আতিক, পারভেজ আলম বাচ্চু, আব্দুস সবুর ও ওয়াহিদুল আলম সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ও আইপিআরটির সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসমাজজীবনে সংস্কৃতিচর্চার গুরুত্ব অত্যধিক