পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান এমপিকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে ‘রাঙামাটি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজের’ উদ্যোগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাঙামাটি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন– বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙামাটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা, বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, সংস্কৃতি কর্মী নীতি ভূবন চাকমা ও নাগরিক সমাজের নেতা ইন্টু মনি তালুকদার।মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ নম্বর আসন থেকে দীপেন দেওয়ান দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের সমান আস্থাভাজন এবং পাহাড়ের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এই ঘটনা পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষকে চরমভাবে হতাশ ও আশাহত করেছে। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে বক্তারা বলা হয়, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্য দিয়ে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক। সমতলের কোনো প্রতিনিধিকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে পাহাড়ের যোগ্য সন্তানকে তার পদে বহাল রাখাই হবে সঠিক সিদ্ধান্ত।







