দাম কমল এলপিজির, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৮৫ টাকা

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসএলপিজির দাম এপ্রিলে লাফ দেওয়ার পর মে মাসে আর বাড়েনি। এবার কমানো হয়েছে। রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম জুন মাসে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিইআরসি। নতুন এই দর গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে। এদিন এলজিপির মূল্য সমন্বয় করে বিইআরসির বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকোর মে মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি অনুযায়ী এ দাম ঠিক করা হয়েছে। অবশ্য কমিশনের ঠিক করে দেওয়া দামে বাজারে এলপিজি পাওয়া যায় না। বিইআরসি বলেছে, বেসরকারি এলপিজির দাম খুচরা পর্যায়ে প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর অটোগ্যাসের ভোক্তা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা। খবর বিডিনিউজের।

মে মাসে এলপিজির দাম খুচরা পর্যায়ে ছিল প্রতি কেজি ১৬১ দশমিক ৭১ টাকা। আর অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা। চলতি মাসের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৬৪ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৯৬৩ টাকা, ১৫ কেজির ২ হাজার ৩৫৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৫১৩ টাকা, ১৮ কেজির ২ হাজার ৮২৭ টাকা, ২০ কেজির ৩ হাজার ১৪১ টাকা, ২২ কেজির ৩ হাজার ৪৫৫ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৯২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৭১২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ১৮৩ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৪৯৭ টাকা এবং ৪৫ কেজির ৭ হাজার ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। ২৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী সরকারি এলপিজির ডিলার বা রিটেইলার পয়েন্টে ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের ভোক্তা মূল্য ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল রাখা হয়েছে। এর আগে মে মাসে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। তার আগে ১৯ এপ্রিল বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে।

এরও আগে ২ এপ্রিল এপ্রিল মাসের প্রথম সমন্বয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। একই সমন্বয়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬১ টাকা ৮৩ পয়সা থেকে ৭৯ টাকা ৭৭ পয়সায় ওঠে। সে হিসাবে এপ্রিলের শুরু থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মাত্র ১৭ দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম দুই দফায় ৫৯৯ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়। জুনের সমন্বয়ে দাম ৫৫ টাকা কমলেও ১২ কেজির সিলিন্ডারের মূল্য এখনও ফেব্রুয়ারির দামের তুলনায় ৫৪৪ টাকা বেশি রয়েছে।

দাম নির্ধারণের পরও বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ থাকায় গতকালের বিজ্ঞপ্তিতে বিইআরসি আবার বলেছে, এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার পয়েন্টসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধভোলায় চিরশায়িত হলেন তোফায়েল আহমেদ
পরবর্তী নিবন্ধতুমি উন্মাদ, এখন সবাই তোমাকে ঘৃণা করে