সিনেমার নায়ক থেকে রাজনীতিতে নাম লিখিয়েই জননেতা বনে যাওয়া চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে) তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এখনই সরকার গঠন করতে পারছে না। খবর বিডিনিউজের।
একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় জোট গড়তে কংগ্রেসের দ্বারস্থ হতে হয়েছে বিজয়কে। কংগ্রেস তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিলেও জট কাটেনি। উল্টো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এবং সরকার গঠনের জন্য বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। এমন পরিস্থিতিতে বিজয় ও তার দল আদালতে যেতে পারে বলে বৃহস্পতিবার খবর দিয়েছে এনডিটিভি। এদিকে ২০১৫ সালে ‘পুলি’ নামে একটি তামিল চলচ্চিত্রের আয়কর সংক্রান্ত অনিয়মের মামলায় বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মাদ্রাজ হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।














