ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি

আজাদী অনলাইন | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ১:২৮ অপরাহ্ণ

মুজিব জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপনে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন তিনি। করোনা মহামারি শুরুর পর এটাই ভারতীয় রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কোবিন্দ ও তার সফরসঙ্গীদের বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোবিন্দকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

রামনাথ কোবিন্দের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভারতীয় ফার্স্ট লেডি ও তাদের মেয়ে, ভারতের শিক্ষামন্ত্রী, দুজন সংসদ সদস্য এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানের অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তিনি যাবেন রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে।

ভারতের রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালে বাংলাদেশের নয় মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে তিনি একটি চারা রোপণ করবেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

এরপর রাষ্ট্রপতি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। ভারতীয় রাষ্ট্রপতি বাংলাদেশে একযোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবেন। এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানে বঙ্গভবনে একটি নৈশভোজের আয়োজন করবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৫ জন
পরবর্তী নিবন্ধদুই কোটি টাকা আত্মসাৎ : টেকনাফে ধরা বগুড়ার জাহিদ