ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামীকাল শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ এবং বিকেল ৫টায় লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশকে স্বাগত জানিয়ে মিছিল ও শোডাউন করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা। গতকাল বৃহস্পতিবার নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। সমাবেশে তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকাচট্টগ্রাম লংমার্চ ও লালদীঘি ময়দানের সমাপনী সমাবেশকে সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করতে হবে। জনগণের ন্যায্য ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চ ও সমাবেশকে জনসমুদ্রে পরিণত করুন।

কোতোয়ালী থানা আমির আমির হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় আরও উপস্থিত ছিলেন আ ন ম জোবায়ের, হামিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ফেরদাউস, নুরুল কবীর, মাওলানা আজগর হাসান, ওসমান গনি, ডা. মোহাম্মদ ইলিয়াস, নুরুল আমীন, ফজলুল হক প্রমুখ।

বাঁশখালী উপজেলা জামায়াত : তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। আগামীকাল শনিবার ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা টু চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে বাঁশখালী উপজেলা জামায়াত আয়োজিত স্বাগত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহের, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, মাওলানা জোবাইর আহমদ, এনামুল হক জিহাদী, মর্তুজা আলী, খোরশেদ আলী চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসীদের জনশক্তিতে রূপান্তরিত করতে হলে তাঁদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন