ড্রয়িংরুমে মাথায় পিস্তল ঠেকিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

এক বছর আগে চাকরি চলে যায়, ছিলেন ডিপ্রেশনে পিস্তলের উৎস তদন্ত করছে পুলিশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ের হাজীপাড়ায় নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে সাবেক এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তার নাম এম আই হোসেন সাহিদ (৪৫)। তিনি ডবলুমরিং থানাধীন হাড্ডি কোম্পানী বাড়ি এলাকার বাসিন্দা। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল তার। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য তিনি। গতকাল শনিবার সকাল ৭টার দিকে বাসার ড্রয়িং রুমে এ ঘটনা ঘটে। ঘটনায় ব্যবহৃত পিস্তলটি জব্দ করা হয়েছে। তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জানিয়েছেন, সাহিদ বাসার ড্রয়িং রুমে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি চালিয়েছেন।

পুলিশ জানায়, হাজীপাড়ার যে বাড়িতে তিনি আত্মহত্যা করেছেন সেটি তার শ্বশুরের বাড়ি। শ্বশুরশাশুড়ির মৃত্যুর পর স্ত্রীসহ তারা সেখানে বসবাস করে আসছিলেন। এক বছর আগে সাহিদ আল আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরি চলে যায়। এরপর থেকে আর্থিকভাবে সমস্যায় পড়ে যান। লোনও ছিল তার। স্ত্রীর সাথে মনোমালিন্যসহ নানা কারণে ডিপ্রেশনে ভোগছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম দৈনিক আজাদীকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে তিনি নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে গুলি করেছেন। এতে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, ঘটনায় ব্যবহৃত পিস্তলটি জব্দ করা হয়েছে। দেশীয় তৈরী পিস্তল এটি। এ পিস্তলের উৎস, সেটি কিভাবে তার কাছে আসে, ঘটনার নেপথ্যের সবকিছু আমরা তদন্ত করে দেখছি। ওসি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছি। পাশাপাশি আলামত সংগ্রহের কাজও করেছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, সকাল ৮টার দিকে এম আই হোসেন সাহিদকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় কর্ণফুলীর তীরে পর্যটন জোন করছে সিডিএ
পরবর্তী নিবন্ধযাচ্ছিল এইচএসসি পরীক্ষা দিতে, ক্রেন চাপায় মৃত্যু