ডেস্ট্রয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ারবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ী বলেন, ‘৪৮ ঘণ্টা আগে প্রথমবারের মতো আমরা একটি আমেরিকান জাহাজের বিরুদ্ধে একটি ইরানি ডেস্ট্রয়ারবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাই। এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি আমেরিকানদের জন্য নরক তৈরি করেছিল এবং তারা পালিয়ে যায়।’ খবর বিবিসি বাংলার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবির সরাসরি জবাব দেয়নি। তবে গতকাল এক্সে দেওয়া একটি পোস্টে তারা লিখেছে, ‘বিপ্লবী গার্ডদের জন্য বার্তা স্পষ্ট: যদি আপনারা আমাদের দুটি জাহাজে গুলি চালান, তাহলে আমরা আপনাদের ওপর আরও অনেক বেশি অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব এবং আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করব।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমেরিকান বাহিনীকে রক্ষা করতে দ্বিধা করব না এবং প্রয়োজন হলে ইরানের সীমিত ও ঝুঁকিপূর্ণ তেলবাহী জাহাজের বহর ধ্বংস করব।’

বিপ্লবী গার্ডের সাবেক এই কমান্ডার ওই অঞ্চলে জাহাজ চলাচলের সম্ভাব্য পরিণতি সম্পর্কে বলেন, ‘ ইরানের সঙ্গে পরামর্শ না করে পরিচালিত জাহাজগুলোকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে এবং সেগুলোকে অন্যান্য পরিণতির মুখোমুখি হতে হবে, যার মধ্যে রয়েছে বীমাসংক্রান্ত সমস্যা এবং পরবর্তী সময়ে চলাচলে জটিলতা।’

পূর্ববর্তী নিবন্ধসুব্রত বড়ুয়া ও তাঁর হলুদ বিকেলের গান
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ