মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পর দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে চারটি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। জাহাজ চারটিতে মোট এক লাখ ৪১ হাজার টন ডিজেল রয়েছে, যা দিয়ে দেশের অন্ততঃ ১২ দিনের চাহিদা পূরণ সম্ভব বলে সূত্র জানিয়েছে।
বন্দর সূত্র জানায়, গতকাল শুক্রবার তিনটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজগুলো হলো, এমটি ওকট্রি, এমটি কেপ বনি এবং এমটি লিয়ান সং হু। এছাড়া এমটি গোল্ডেন হরাইজন নামে আরও একটি ট্যাংকার আগামী রোববার বন্দরে পৌঁছাবে।
চারটি জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছাচ্ছে এবং দ্রুত খালাস কার্যক্রম পরিচালিত হবে। এসব তেল দ্রুত সরবরাহ লাইনে দেয়া হবে উল্লেখ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) একজন শীর্ষ কর্মকর্তা বলেন, এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গতি আসবে।
বিপিসির কর্মকর্তারা বলেন, দেশে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। সে হিসাবে, নতুন করে আসা এই চালান দেশের অন্ততঃ ১২ দিনের চাহিদা মেটাবে। আরো জাহাজ পাইপ লাইনে রয়েছে বলেও তারা উল্লেখ করেন। বৈশ্বিক অস্থিরতার মধ্যে বড় আকারের এই চালান দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেছেন।














