ডায়াগনস্টিক সেন্টারের কর্মীকে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। তার নাম মো. সুমন প্রকাশ রুবেল (২৮)। গতকাল রাতে পাহাড়তলী নাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সুমন হালিশহর ও পাহাড়তলী এলাকায় ভাসমানভাবে থাকে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আসকারাবাদ এলাকায় চুরির উদ্দেশে একটি ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে সুমন। তখন সেখানে একা ছিলেন ওই নারী কর্মী। রুবেল তাকে ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। নারীর চিৎকারে আশাপাশের লোকজন জড়ো হতে থাকলে রুবেল তার ব্যাগ থেকে মোবাইল ও আড়াই হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ধ্বস্তাধ্বস্তিতে আহত নারী পরে থানায় গিয়ে অভিযোগ করেন। এ ঘটনায় তারা থানায় অভিযোগ দেয়। পরে ডায়াগনস্টিক সেন্টারটির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রুবেলকে শনাক্ত করা হয়। পরে গতকাল সন্ধ্যায় হালিশহরের পানির কল মোড়ে তার সন্ধান মিলে। পুলিশ তাকে ধাওয়া করে প্রায় দেড় কিলোমিটার দূরে নাজির বাড়ী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধ২০ তরুণ-তরুণী আটক হোটেল সিলগালা
পরবর্তী নিবন্ধসাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তি দাবি