সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাঙামাটি ও চন্দনাইশে সাংবাদিকরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি প্রেসক্লাব। এ সময় বক্তারা বলেন, দেশে করোনাকালে রোজিনা ইসলাম একের পর এক স্বাস্থ্য বিভাগের দুর্নীতির রিপোর্ট করে গেছেন। এতে রাষ্ট্রের উপকার হয়েছে। কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সরকার। রোজিনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। এর আগে তাঁকে ৬ ঘণ্টার অধিক সময় স্বাস্থ্য সচিবের কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় দেশ আজ দুর্নীতিবাজদের দখলে চলে যাচ্ছে। এতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চরমভাবে ব্যাহত হচ্ছে। বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু।
এছাড়া চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি গতকাল বিকেলে উপজেলার দোহাজারী পৌরসদরে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অ্যাড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ দক্ষিণ জেলার সভাপতি আবদুল হাকিম রানা। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ। প্রধান বক্তা ছিলেন প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন দক্ষিণ জেলার সভাপতি হারুনুর রশিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা মোজাহেরুল কাদের, আবু তালেব আনসারী। প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামরুল ইসলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন এমএ হামিদ, জনি আচার্য, আজিমুশ শানুল হক দস্তগীর, মইন উদ্দিন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফায়েজুর হক দস্তগীর, জাহাঙ্গীর আলম, আরফাত হোসেন প্রমুখ। এতে বক্তারা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অবৈধভাবে উপার্জিত দুর্নীতিবাজদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান।












