শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির উদ্দীনের ওপর অতর্কিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)’ চট্টগ্রাম শাখার ব্যবস্থাপনায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন এনডিএফ চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. এ. টি. এম. রেজাউল করিম।
মানববন্ধনে বক্তারা চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান এবং ডা. নাসিরের ওপর হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার আলটিমেটাম দেন। অন্যথায় সারা দেশে চিকিৎসকরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
প্রতিবাদ সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন: NDF চমেক শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমান, NDF চট্টগ্রাম মহানগরের সম্পাদক ডা. এস. এম. কামরুল হক, অধ্যাপক ডা. মো. সেলিম, ডা. মোহাম্মদ ইরফান চৌধুরী এবং ডা. মাহমুদুল হক (মেসবাহ)।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. রেজাউল করিম। মানববন্ধনে চমেক এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের বিপুল সংখ্যক চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।











