ট্রাকে বোঝাই করা রড পেটে ঢুকে নিরাপত্তাকর্মী নিহত

কসমোপলিটন এলাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন এলাকায় ট্রাকে বোঝাই করা রড পেটের মধ্যে ঢুকে আবদুল মান্নান (৬১) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে ২ নম্বর গেটের পাশে কসমোপলিটন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান নোয়াখালী সদর এলাকার ২৫ নং কাশিপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক জাহেদুল ইসলাম জানান, নিহত আবদুল মান্নান কসমোপলিটন এলাকায় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিল। বিকেল আনুমানিক পাঁচটার সময় একটি রড বোঝাই ট্রাক কসমোপলিটন এলাকার ঢালু সড়ক বেয়ে উঠছিল। ট্রাকের পেছনে বাইরের অংশে একাধিক রড বের করা ছিল। এক পর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে নেমে গেলে সড়কের পাশে থাকা মান্নানের শরীরে লোহার রড ঢুকে যায়। স্থানীয় লোকজন আহত মান্নানকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক সদস্য জানান, নিহত মান্নানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাত পৌনে দশটার সময় নিহতের স্বজনরা নোয়াখালী থেকে এসেছেন। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পর মান্নানের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়া খাদ্য গুদামের কর্মকর্তা পলাশকে ৮ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধদেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ৭ মৃত্যু, নতুন শনাক্ত ১৫৫