টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি দল

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টিটোয়েন্টি সিরিজে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ। বাঁহাতি ব্যাটার শামীম হোসেনের ঝড়ো হাফসেঞ্চুরিতে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল সোমবার বাংলাদেশ ৫ উইকেটে হারায় ভিক্টোরিয়া সিএ একাদশকে। শামীম ৩৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ডারউইনের মারারা ওভাল ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি একাদশের অধিনায়ক ইরফান শুক্কুর। বল হাতে শুরু থেকেই প্রতিপক্ষ ভিক্টোরিয়া সিএ একাদশকে চেপে ধরেন দুই স্পিনার মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান। তাদের ঘূর্ণিতে ১০৪ রানে নবম উইকেট হারায় ভিক্টোরিয়া। রুবেল ৪টি ও রাকিবুল ৩ উইকেট নেন। শেষ উইকেটে ২৭ রানের জুটিতে ভিক্টোরিয়াকে মামুলি সংগ্রহ এনে দেন অধিনায়ক স্যাম হার্পার ও কালাম স্ট্রো। ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৪৯ রান করা হার্পারকে শিকার করে ভিক্টোরিয়ার ইনিংসের ইতি টানেন পেসার রিপন মন্ডল। ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। রুবেল ১৫ রানে ৪টি এবং রাকিবুল ২৮ রানে ৩ উইকেট নেন। ১৩২ রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ। ৩৭ রানে ৪ উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার হাবিবুর রহমান সোহান। ১ ছক্কায় ১১ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার জিশান আলম। ২ ছক্কায় ভালো শুরু করেও ৯ বলে ১৫ রান তুলে বিদায় নেন তিন নম্বরে নামা আরিফুল ইসলাম। আগের দিন হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে ৫৯ রান করা সাব্বির রহমান এ ম্যাচে ৫ রানের বেশী করতে পারেননি।

শুরুর ধাক্কা সামাল দিয়ে পঞ্চম উইকেটে ৫১ বলে ৮৩ রান যোগ করে বাংলাদেশ এইচপি একাদশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন। ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে সাজঘরে ফিরেন শুক্কুর। এরপর আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে অবিচ্ছিন্ন ১৬ রান যোগ করে ১৮তম ওভারের দ্বিতীয় বলে জয় নিশ্চিত করেন শামীম। ২ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন শামীম। ৬ রানে অপরাজিত থাকেন সাকলাইন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের ফাইনাল ও এশিয়ান গেমসে স্বর্ণ জিততে চান জ্যোতি
পরবর্তী নিবন্ধতিন কারণে ডনকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি