টানা আধা ঘণ্টা বসে থাকার সঙ্গে যোগ রয়েছে ক্যান্সারের ঝুঁকি : গবেষণা

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

প্রতিদিন একটানা আধা ঘণ্টার বেশি সময় ধরে বসে থাকার সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংযোগ রয়েছে বলে নতুন এক গবেষণায় আভাস মিলেছে। খবর বিডিনিউজের।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান প্রতিবদনে লিখেছে, এক দশকেরও বেশি সময় ধরে ৯০ হাজারেরও বেশি মানুষের ওপর নজরদারি চালিয়ে গবেষকরা দেখেছেন, জেগে থাকা অবস্থায় দিনে টানা ৩০ মিনিটের বেশি সময় বসে বা শুয়ে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। গবেষকরা বলেছেন, টানা ৩০ মিনিটের বেশি সময় বসে থাকার অভ্যাস ভেঙে মাঝেমধ্যে হালকা শারীরিক পরিশ্রম বা নড়াচড়া করলে এ ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

প্রতি আধা ঘণ্টা পর পর আসন ছেড়ে উঠে দাঁড়ানো, অফিসের ভেতরেই সামান্য একটু হেঁটে আসা মানুষের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হতে পারে। গবেষণার প্রধান লেখক ও ইউনিভার্সিটি অফ গ্লাসগোর ড. ফ্রেডরিক হো বলেছেন, আমাদের গবেষণায় উঠে এসেছে, একনাগাড়ে ৩০ মিনিটের বেশি সময় বসে থাকার সঙ্গে ক্যান্সারের উচ্চ ঝুঁকির বিশেষ সম্পর্ক রয়েছে। তবে একটানা বসে থাকার এ সময়টাকে ভেঙে হাঁটার মতো সহজ অভ্যাস দেহকে সুরক্ষিত রাখতে পারে। বর্তমানে প্রচলিত বিভিন্ন স্বাস্থ্য নির্দেশিকাতে মাঝারি বা কঠোর ব্যায়ামের ওপর বেশি জোর দেওয়া হয়।

তবে আমাদের এ গবেষণা বলছে, হালকা নড়াচড়াকেও কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। চিকিৎসকদের সাধারণ বা ঢালাও পরামর্শের বাইরে গিয়ে ব্যক্তিভেদে একটানা বসে থাকার অভ্যাস ভাঙার কৌশল তৈরিতে এ গবেষণা ভবিষ্যতে সাহায্য করবে। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল প্লস মেডিসিনএ। গবেষণায় প্রতিদিন দীর্ঘ সময় ধরে অলস বসে থাকার নেতিবাচক বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির ওপর নজর দিয়েছেন গবেষকরা। জেগে থাকা অবস্থায় দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার সঙ্গে হৃদরোগ ও নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকির বিষয়টি আগে থেকেই প্রমাণিত। তবে অলস সময়টা মানুষ ঠিক কীভাবে পার করছে তা স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলে সে বিষয়ে এত দিন বিস্তারিত জানা ছিল না।

গবেষণায় ইঙ্গিত মিলেছে, একটানা বসে থাকার সময় কমিয়ে শারীরিক পরিশ্রমের অভ্যাস করলে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব। এসব উপকারী কার্যক্রমের মধ্যে ধীরে হাঁটা ও ঘরের টুকিটাকি কাজকর্মও থাকতে পারে। গবেষক দলটি ইউকে বায়োব্যাংকএর ৯১ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেছেন, যারা হাত বা দেহে বিশেষ ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করেছিলেন। দীর্ঘ ১২ বছর ধরে এ ব্যক্তিদের ওপর পর্যবেক্ষণ চালানোর পর গবেষকরা বলছেন, ৩০ মিনিটের বেশি সময় ধরে একটানা নিষ্ক্রিয় থাকা ক্যান্সারের ঝুঁকির সঙ্গে সরাসরি সম্পর্কিত।

প্রতিদিন এ অলস থাকার সময় যত ঘণ্টা বাড়বে, ক্যান্সারে মৃত্যুর ঝুঁকিও ঠিক ১০ শতাংশ করে বৃদ্ধি পাবে। দীর্ঘক্ষণের অলস সময়কে হালকা নড়াচড়া বা কাজের মাধ্যমে ভেঙে দিলে এ ঝুঁকি অনেকাংশে কমে আসে। প্রতিদিনের দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস থেকে কেবল এক ঘণ্টা সময় কমিয়ে যদি কাপড় ইস্ত্রি করা বা থালাবাসন ধোয়ার মতো হালকা পরিশ্রমের কাজে লাগানো যায় ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি প্রায় ১২ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধনজরুল বর্ষে বোধনের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরায়ানএয়ারের ফ্লাইটের ভাঙা জানালা দিয়ে তীব্র বাতাসে উড়ে যাচ্ছিলেন যাত্রী