টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে গ্রেপ্তার ৬

চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন অপারেটরদের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস, দুটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির ভূজপুর থানার হেঁয়াকো বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস রুমের লকগার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি করা হয়। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভূজপুর থানায় মামলা করে।

মামলার তদন্তে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়। এর ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন প্রকাশ শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুসকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পরে ২৮ অক্টোবর আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তার পাঁচজনকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে আরও একটি মাইক্রোবাস ও দুটি চোরাই ব্যাটারি জব্দ করা হয়। চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বাথরুমে মিলল যুবকের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধচিড়িয়াখানা ও সংলগ্ন ছড়ায় ডেঙ্গু মশক নিধন কর্মসূচি