জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়ার দাবা প্রতিযোগিতা সম্পন্ন

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অধীন দাবা প্রতিযোগিতা গতকাল রোববার নাসিরাবাদ সরকারি স্কুল মিলনায়তনে শেষ হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় শতাধিক দাবাড়ু অংশগ্রহণ করে। এর মধ্যে বালক বড় গ্রুপে পাহাড়তলী থানার শিক্ষা প্রতিষ্ঠান ইস্পাহানি আদর্শ স্কুলের ছাত্র সৃজন সূত্র ধর, বালক মধ্যম গ্রুপে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র তাসদিক জাহিদ নূর সুলতান এবং বালিকা বড় গ্রুপে মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের ছাত্রী তৌহিদা বেগম ও বালিকা মধ্যম গ্রুপে ডবলমুরিং থানার বিদ্যুৎ বোর্ড স্কুলের ছাত্রী আনুশকা দত্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই ৪ প্রতিযোগী আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা সদরে অনুষ্ঠিতব্য উপআঞ্চলিক পর্যায়ে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে নাসিরাবাদ সরকারি স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আক্তার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লুলু অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এর আগে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় নাসিরাবাদ সরকারি স্কুলের ক্রীড়া শিক্ষক রূপন দে, দেবাশীষ নন্দী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ক্রীড়া শিক্ষক জামাল হোসেন খান, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের ক্রীড়া শিক্ষক দীপু বড়ুয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দাবা খেলায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ নূরুল আমিন। এদিকে আজ সকালে জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

পূর্ববর্তী নিবন্ধজর্ডানে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়
পরবর্তী নিবন্ধজাপানে উচ্চতর কারাতে প্রশিক্ষণ ও সেমিনারে যাচ্ছেন প্রিন্স গোমেজ