২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে নিজ নিজ পর্যায়ে রাঙ্গুনিয়া উপজেলার শীর্ষে রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এইচএসসি পরীক্ষায় উপজেলার ৯টি কলেজের মধ্যে ৬৩ দশমিক ৩৬ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে রাঙ্গুনিয়া মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ–৫ পেয়েছে দুজন। অন্যদিকে, আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার মধ্যে ৬৪ দশমিক ১ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে রাঙ্গুনিয়া নূরুল উলুম কামিল মাদ্রাসা। তবে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে রাঙ্গুনিয়ায় এইচএসসি ও আলিম–দুই পরীক্ষাতেই জিপিএ–৫ পাওয়ার সংখ্যা কমেছে। আলিমে পাসের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। এইচএসসিতে পাসের হার প্রায় অপরিবর্তিত রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়ার ৯টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৪০ জন। উপজেলায় গড় পাসের হার ৪৬ দশমিক ৮২ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে চারজন। চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। ২০২৫ সালে উপজেলায় এইচএসসিতে পাসের হার ছিল ৪৬ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ২২ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার প্রায় অপরিবর্তিত থাকলেও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবারও রাঙ্গুনিয়া মহিলা কলেজ টানা দ্বিতীয়বারের মতো উপজেলায় প্রথম স্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে দুজন জিপিএ–৫ পেয়েছে। এছাড়া রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বালিকা মহাবিদ্যালয় থেকে একজন করে জিপিএ–৫ পেয়েছে। অন্যদিকে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় রাঙ্গুনিয়ার ৭টি মাদ্রাসা থেকে ২৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১১ জন। উপজেলায় গড় পাসের হার ৪৩ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে তিনজন। তাদের সবাই মাদ্রাসা–এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। ২০২৫ সালে উপজেলায় আলিমে পাসের হার ছিল ৯৪ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ১২ জন। গত বছরের তুলনায় এবার আলিমের ফলাফলে বড় অবনতি হয়েছে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, রাঙ্গুনিয়া মহিলা কলেজ ও নূরুল উলুম কামিল মাদ্রাসার এ সাফল্য আনন্দের। ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটি আরও ভালো ফলাফল অর্জন করবে বলে প্রত্যাশা করি। পাশাপাশি রাঙ্গুনিয়ার শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।











