জীবন একে অপরের

শিরিন কবির | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

একটা বয়সের পর মানুষ অনেক কিছু নতুন করে বুঝতে শেখে। যে কথাগুলো একসময় বিরক্তিকর মনে হতো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই কথাগুলোই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। যে মানুষটাকে একসময় মনে হতো বেশি কথা বলে, বেশি বাধা দেয়একদিন সেই মানুষটার কথাই সবচেয়ে বেশি মনে পড়ে। সেদিন অনলাইনে স্ক্রল করতে করতে কোথায় যেন একটা জরিপের কথা দেখেছিলাম। সেখানে বয়স্ক কিছু মহিলাকে প্রশ্ন করা হয়েছিল– “জীবনের এই শেষ বয়সে এসে আপনার আর আপনার স্বামীর সম্পর্কটা কেমন?” বেশিরভাগ মহিলার উত্তর প্রায় একই রকম ছিল। কেউ বলেছেন, “এই বয়সে এসে আমার স্বামী আমাকে চিনেছে। এখন সে আমাকে ছাড়া কিছু বোঝে না।” কেউ বলেছেন, “এখন সে বুঝতে পেরেছে, আমি তাকে যে কথাগুলো বলতাম, সেগুলো তার খারাপের জন্য ছিল না, ভালো থাকার জন্যই বলতাম।” আবার কেউ বলেছেন, “আমার কথা যদি সে তখন শুনত, তাহলে হয়তো আজ তার জীবনটা অন্যরকম হতো।” কথাগুলো শুনে একটা প্রশ্ন মনে হলোকেন আমরা প্রিয় মানুষের মূল্যটা অনেক সময় জীবনের শেষ প্রান্তে এসে বুঝি? সংসারে অনেক পুরুষ আছেন, যারা স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিতে চান না। স্ত্রী বলে “এটা করো না।” স্বামী বলে “তুমি কী বুঝো?” স্ত্রী বলে “ভবিষ্যতের কথা চিন্তা করো।” স্বামী বলে “আমাকে সংসার চালানো শেখাতে হবে না।” তারপর সময় চলে যায়। সন্তান বড় হয়, সংসার বদলে যায়, শরীরের শক্তি কমে আসে। তখন মানুষ পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারে যে স্ত্রী এত বছর পাশে ছিল, তার অনেক কথাই আসলে ভালোবাসা থেকে বলা ছিল। একজন পুরুষ পৃথিবীর অনেক কষ্ট সহ্য করতে পারে। মানুষের প্রতারণা, ব্যবসার ক্ষতি, আত্মীয়ের স্বার্থপরতা অনেক কিছুই সামলে নিতে পারে। কিন্তু একটা সময় আসে, যখন শরীর আর আগের মতো থাকে না। তখন হাঁটতে কষ্ট হয়, অসুস্থ হলে অন্যের সাহায্য লাগে, নিজের ছোট ছোট কাজের জন্যও একজন আপন মানুষ প্রয়োজন হয়। আর তখনই বোঝা যায়জীবনে আসলে কে ছিল?

আজ যে স্ত্রী আপনার ওষুধের কথা মনে করিয়ে দেয়, কাল হয়তো তার ওষুধের সময় আপনাকেই মনে রাখতে হবে। আজ সে আপনার জন্য রান্না করছে, কাল হয়তো আপনাকেই তার জন্য খাবার তুলে দিতে হবে। এটাই সংসার, এটাই জীবন।

তাই জীবনসঙ্গীকে অবহেলা করবেন না। তার সব কথা হয়তো সঠিক নাও হতে পারে, কিন্তু অন্তত শুনুন, ভাবুন, তার কথার পেছনের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন। কারণ আজ আপনি শক্তিশালী, সুস্থ, উপার্জনক্ষমতাই মনে হতে পারে কাউকে আপনার প্রয়োজন নেই। কিন্তু সময় কারও জন্য থেমে থাকে না।

পূর্ববর্তী নিবন্ধসময়ের ব্যবধানে অবহেলিত পোস্ট অফিস
পরবর্তী নিবন্ধগণমাধ্যমের কণ্ঠরোধ ও প্রাসঙ্গিক কথা