জাবেদসহ ৩৮ জনের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন দুদকের

সিমেন্টের কাঁচামাল ক্রয়ের ভুয়া বিলে ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

সিমেন্টের কাঁচামাল ক্রয়ের ভুয়া বিল তৈরি করে ২৭টি ডিলের মাধ্যমে ১৪১ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৮ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূরআলম সাক্ষরিত এক অফিস আদেশে অনুসন্ধান টিমের দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে এই তিনটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। দুদক পিপি মোকাররম হোসাইন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মামলা তিনটিতে যথাক্রমে ১৬ জন, ২০ জন ও ২৭ জনকে আসামি করা হবে। জাবেদ ও তার স্ত্রী আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামানসহ কয়েকজনের নাম থাকবে তিনটি মামলায়। সংশ্লিষ্ট ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাও এসব মামলায় আসামি হচ্ছেন।

দুদক আরো জানায়, সিমেন্টের কাঁচামাল ক্রয়ের নাম করে ভুয়া বিল তৈরি করে ইসলামী ব্যাংক জুবিলী রোড শাখা থেকে ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে জাবেদের কোম্পানি আরামিট সিমেন্ট পিএলসি বাংলাদেশ। এর মধ্যে ২৭টি ডিলের মাধ্যমে গৃহীত ১৪১ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আত্মসাৎ করা হয়েছে।

১৬ জনের বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন সংক্রান্ত আদেশে বলা হয়, ২০১৮ সালের ২০ মার্চ ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক সাজিয়ে ভুয়া ও জাল ডকুমেন্ট প্রস্তুত করে ব্যাংক হিসাব খুলে একটি ভুয়া ডিলের মাধ্যমে ৫৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অপরাধ সংঘটিত হয়েছে। ২০ ও ২৭ জনের বিরুদ্ধে হওয়া পৃথক দুটি মামলা রুজুর অনুমোদন সংক্রান্ত আদেশে বলা হয়, একই প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ভুয়া ও জাল ডকুমেন্ট প্রস্তুত করে ব্যাংক হিসাব খুলে ৯টি ও ২৭টি ভুয়া ডিলের মাধ্যমে ৪২ কোটি ৭ লাখ টাকা ৫০ হাজার টাকা এবং ৪১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন আসামিরা। আত্মসাৎকৃত এসব টাকা দুবাই, যুক্তরাজ্য ও আমেরিকায় পাচার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন আমদানি নীতি আদেশ জারি, বাড়ল যেসব সুবিধা
পরবর্তী নিবন্ধসাড়ে ৫ মাস পর গ্যাস পেল সিইউএফএল, উৎপাদন আগামী সপ্তাহে