‘এক দিনে এক লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক গৃহীত ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের চারা রোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন।
আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় উপজেলা প্রশাসন আয়োজিত ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারা রোপণ ও বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শেলী দেবী ও মোহাম্মদ মহিদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু জাফর মজুমদার, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী, এমপির ব্যক্তিগত সহকারী আখতারুন্নবী চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি নেতা মনজুর উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা শফিউল আলম জাকারিয়া জকু, ভিপি মোজাম্মেল হক।
হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের বিভিন্ন স্থানে ৬ হাজার ৫শ বৃক্ষরোপণ করা হচ্ছে। একইসাথে রোপণকৃত প্রতিটি বৃক্ষ সঠিকভাবে পরিচর্যার জন্য সংশ্লিষ্ট ইউনিয়পরিষদ ও পৌরসভার মাধ্যমে তদারকি করা হচ্ছে। হাটহাজারী –রাউজান মহাসড়কের ভানজইন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এইসময় উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা / কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে একদিনে ৬ হাজার ৫০০ চারা রোপন করা হয়েছে । বাঁশখালী পৌর এলাকা ডাকবাংলো সড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে সাড়ে ৬ হাজার গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমীন।
এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময়, কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম বিন খলিল, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম সহ সরকারি ও বিভিন্ন রাজনৈতিক
নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, এ উপজেলায় একদিনে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।
ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে গতকাল বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার যৌথ আয়োজনে উৎসব কমিউনিটি সেন্টারে মূল অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।












