জর্ডানও সাফ করল ড্রেসিং রূম, কর্মীদের জন্য রেখে এল মিষ্টিও

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

বিশ্বকাপে ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়াম ছেড়ে বেরোনোর আগে সাজঘর ঝকঝকে তকতকে করে রেখে আসেন জাপানের ফুটবলারেরা। দীর্ঘদিন ধরে এটাই তাদের প্রথা। এ বার সেই তালিকায় নাম লেখাল জর্ডানও। আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর স্টেডিয়াম সাফসুতরো করে দিলেন জর্ডানের ফুটবলার এবং সাপোর্ট স্টাফেরা। শুধু তাই নয়, জর্ডানের স্থানীয় মিষ্টিও রেখে আসা হয়েছে স্টেডিয়ামের কর্মীদের জন্য। সঙ্গে একটি বার্তায় জর্ডান দল জানিয়েছে, অবিশ্বাস্য এক অনুভূতির সাক্ষী থাকল তারা। যারাই খেয়াল রেখেছেন, তাদের দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং আপ্যায়নে অভিভূত বলে জানিয়েছে জর্ডান। ফিফা সেই ভিডিও প্রকাশ করেছে সমাজমাধ্যমে।

এশিয়ার দেশ জর্ডান এ বারই প্রথম বিশ্বকাপে খেলছে। প্রথম ম্যাচে তারা অস্ট্রিয়ার কাছে ১২ গোলে হেরেছিল। একই ব্যবধানে হেরেছে আলজেরিয়ার কাছেও। শেষ ম্যাচ জিতলেও সেরা তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থাকা হবে না তাদের। শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে জর্ডান, যা তাদের কাছে সম্মানের লড়াই। জর্ডানের কোচ জামাল সেলামি অবশ্য ফুটবলারদের খেলায় গর্বিত। তিনি বলেছেন, ‘আলজেরিয়া দল কিছু পরিবর্ত খেলোয়াড় নামায়, যা দু’দলের পার্থক্য গড়ে দিয়েছে। ওদের আক্রমণভাগে একজন লম্বা ফুটবলারও ছিল। আমাদের অনভিজ্ঞতার অভাবেই ওরা দুটো কর্নার কিক থেকে গোল করেছে। তবে দারুণ একটা ম্যাচ খেলেছি। আমাদের গর্বিত হওয়া উচিত।’

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড
পরবর্তী নিবন্ধকঙ্গোকে হারিয়ে নক আউটে কলম্বিয়া