জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা

ছিনতাই রাউজানের উত্তর গুজরা

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

রাউজানে জমি রেজিস্ট্র্রি করতে যাওয়ার পথে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্র পাড়া এলাকায় ডিসি সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া গ্রামের ইসমাইল সওদাগর বাড়ির বাসিন্দা সামশুন নাহার (৫০) ব্যাগ ভর্তি টাকা ও কাগজপত্র নিয়ে টেক্সিযোগে রাউজান সাব রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। গাড়িতে সাথে ছিলেন মুন্সি। তারা ডিসি রোড হয়ে রাজ চন্দ্র পাড়া এলাকায় পৌঁছলে ২টি মোটরসাইকেলে করে আসা ৬ জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। তারা অস্ত্রহাতে ভয় দেখিয়ে প্রথমে টেক্সি চালকের কাছ থেকে গাড়ির চাবি ও মোবাইল কেড়ে নেয়। ছিনতাইকারীদের তিনজন অস্ত্র বের করে তাকে চুপ থাকতে বাধ্য করে। পরে গাড়ির পিছনের আসনে থাকা সামশুন নাহারের টাকার ব্যাগ কেড়ে নিতে গেলে তিনি টাকার ব্যাগ নিয়ে নিচে পড়ে যান। এ সময় অস্ত্রধারী তিন ছিনতাইকারী তাকে গুলি করার ভয় দেখালে তিনি ব্যাগ ছেড়ে দেন। পরে ছিনতাইকারীরা চলে গেলে স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তথ্য সংগ্রহ করে। ক্ষতিগ্রস্ত সামশুন নাহার তার স্বজনদের সহযোগিতায় রাউজান থানায় গিয়ে অভিযোগ করেন।

ভুক্তভোগী সামশুন নাহার বলেন, আমার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। ২৫ লাখ টাকা একটি ব্যাগে, ২ লাখ টাকা ছিল জমির কাগজপত্রের সাথে অন্য ব্যাগে। অস্ত্রের মুখে ২৫ লাখ টাকার ব্যাগটি নিয়ে গেছে তারা।

সামশুন নাহারের ছেলে প্রবাসী মো. আরিফ বলেন, জমি ক্রয়ের জন্য জমির মালিকের সাথে ৩২ লাখ টাকায় কথা হয়। আগে আমরা ৫ লাখ বায়না করেছিলাম। আজকে ২৭ লাখ টাকা নিয়ে আমার মা দলিল লেখককে সাথে নিয়ে সাব রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। আমি এর আগেই মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছিলাম রেজিস্ট্রার অফিসে।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। ছিনতাইকারীদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসম্বল নিয়ে ফিরছিলেন বাড়িতে, হারালেন সন্তানকে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে একদিনে রোপণ করা হলো এক লাখ বৃক্ষ