ছেলের হাতে প্রাণ হারালেন বাবা

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৩ মে, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় আপন ছেলের হাতে নৃশংস কায়দায় খুনের শিকার হয়েছেন জন্মদাতা বাবা। এই খুনের ঘটনা চালানোর সময় ওই ছেলে ধারালো রাম দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এমনকি বাবার একটি হাতও শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। এতে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে বাড়ির মধ্যেই প্রাণ হারান বাবা। এই অবস্থায় পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এমন নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকার নিজপানখালীস্থ নিজ বাড়িতে। খুনের শিকার বাবার নাম খলিলুর রহমান সওদাগর (৬৫)। তিনি ওই গ্রামের মৃত আবদু ছমদের পুত্র। অপরদিকে খুনি ছেলের নাম মিনারুল ইসলাম রাসেল (৩০)

পরিবারের বরাত দিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক মো. রুস্তম আলী জানান, কয়েক বছর আগে মিনারুল ইসলাম রাসেলকে বিয়ে করানো হয়। কিন্তু স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে তিনি প্রতিনিয়ত বাড়ির সবার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে আসছিলেন। সর্বশেষ পারিবারিক বিরোধের জের ধরে আজ (গতকাল) শুক্রবার বাদে জুমা মসজিদ থেকে বাড়ি ফিরলে ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বাবা খলিলুর রহমানকে। এ সময় একটি হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় পিতার।

এদিকে স্থানীয় ক্ষুব্ধ লোকজন খুনি ছেলে মিনারুল ইসলাম রাসেলকে ধরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আটকে রাখে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. জায়নুল আবেদীন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে মৃত অবস্থায় খলিলুর রহমানকে হাসপাতালে আনা হয়। এ সময় পরীক্ষানিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বাবাকে খুনের ঘটনায় জড়িত ছেলে মিনারুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ হেফাজতে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে মামলা রুজুসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাইকারিতে ডিমের দাম কমলেও প্রভাব নেই খুচরায়
পরবর্তী নিবন্ধনগরে ৫ শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩