চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে দুদিনব্যাপী ৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী গতকাল শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ছবি কেবল ডকুমেন্টেশন নয়, এর মধ্যে রয়েছে সাহিত্যের উপাদান। একেকটি ছবি যেন একেকটি কবিতা, একেকটি গল্প। চিত্রচিন্তার এ আয়োজনে সে রকম ছবির সমষ্টি দেখতে পাওয়া যায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রচার সম্পাদক আলোকচিত্রী মোহাম্মদ মনসুরুল আজম। অনুষ্ঠান পরিচালনা করেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ রাসেল। এতে অতিথি ছিলেন সিপিএসের প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম, সিপিএস সভাপতি আলোকচিত্রী শোয়েব ফারুকী এবং খ্যাতিমান আলোকচিত্রী ইব্রাহীম ইকবাল।
এবারের প্রদর্শনীতে বিশ্বের ৪০টি দেশের ৫০ জন আলোকচিত্রীর ৭০টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী আজ শনিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












