সাপ্তাহিক ছুটির দিনের বিকালে চট্টগ্রাম নগরীর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত চেরাগী পাহাড় জমে উঠল গানের সুরে। খবর বিডিনিউজের। গত শুক্রবার কয়েকজন সংস্কৃতি কর্মীর উদ্যোগে দেশের গান, দশের গান শিরোনামে ভিন্ন ধর্মী আয়োজনের মধ্যে দিয়ে বহুদিন পর চেরাগীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ফিরল। শিল্পী, সংস্কৃতি কর্মী, সংগঠক, সাংবাদিক, নানা পেশাজীবী আর তরুণদের আড্ডায় অন্য এক আবেশ নিয়ে হাজির হলো গান। চেরাগী পাহাড়ের লুসাই ভবনের সামনের সড়কে বসেছিল গানের আসর। কৌশিক অ্যান্ড ফ্রেন্ডজ এর শিল্পীরা শুরুতে গাইলেন কুমার বিশ্বজিৎ এর ‘তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পড়ে যায়, একদিন বাঙালি ছিলাম রে। ঢোলের তালে তালে দুলতে দুলতে সেই গানের সুরে গলা মেলালেন সমবেতরা। এরপর একে একে তারা গাইলেন– ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘আমার মন মজাইয়ারে’, ‘মায়া লাগাইছে’ ও ‘আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা’। ততক্ষণে সামনে রাখা কয়েক সারি চেয়ার ভরে গেছে। গান শুনতে পথ চলতি লোকজনও জড়ো হয়েছে। কেউ দাঁড়িয়ে আবার কেউ পাশের ভবনের সিঁড়িতে বসে গান শুনতে শুরু করেন।
এরপর শিল্পী কৌশিক দত্ত বলেন, এবার সবাই মিলে কয়েকটা দেশের গান গাইব। আশা করি আপনারাও আমাদের সাথে গলা মেলাবেন। তারপর তারা গাইলেন ‘ধন–ধান্যে পুষ্পে ভরা’ ও ‘মুক্তির মন্দির সোপান তলে’।












