চিকিৎসার অভাবে কোনো মানুষের প্রাণ হারাতে দেওয়া যাবে না

জেমিসন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে মাহবুবের রহমান শামীম

| বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মাহবুবের রহমান শামীম হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগসুবিধা এবং প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মাহবুবের রহমান শামীম বলেন, রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য হচ্ছে দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য কার্যকর, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমরা এমন একটি আগামীর বাংলাদেশ দেখতে চাই, যেখানে চিকিৎসার অভাবে কোনো মানুষের প্রাণ হারাতে হবে না, কোনো অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হবে না এবং কোনো নবজাতক মায়ের কোল খালি করে চলে যাবে না। সবার জন্য সহজলভ্য ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, একসময় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মান এতটাই উন্নত ছিল, যা অনেক সরকারি হাসপাতালের চেয়েও প্রশংসনীয় ছিল। আমাদের চিকিৎসক, কর্মকর্তাকর্মচারীদের দায়িত্ব হচ্ছে সেই হারিয়ে যাওয়া গুণগত মান আবারও ফিরিয়ে আনা। এ সময় উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানার, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওরা নিজেদের উন্নয়ন করেছে, আর আমরা জনগণের উন্নয়ন করছি
পরবর্তী নিবন্ধজীবনে স্বপ্ন পূরণ করতে শিক্ষার বিকল্প নেই : সরওয়ার জামাল এমপি