নগরে জলাবদ্ধতা ও সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে ক্ষয়ক্ষতি চিহ্নিত করা এবং করণীয় সুপারিশে চারটি সংসদীয় আসনভিত্তিক (চট্টগ্রাম–৮, ৯, ১০ ও ১১) সমন্বয় কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট সকল সেবা সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত ও সমাধান করা যায়। এছাড়া কমিটিগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমানের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকার সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পরিমাণ নির্ধারণ করবে এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল–নালা, ড্রেনেজ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে করণীয় সুপারিশ করবে।
গতকাল শনিবার দুপুরে দামপাড়ায় সিটি কর্পোরেশনের রেস্ট হাউসে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের নাগরিক সমস্যাগুলো কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সমন্বিত উদ্যোগই এ সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র পথ। সে লক্ষ্যেই মহানগরীর চারটি সংসদীয় আসনে আসনভিত্তিক কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্ট সকল সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন। মেয়র বলেন, কমিটিগুলো সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পরিমাণ, জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল–নালা, ড্রেনেজ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে করণীয় সরেজমিনে চিহ্নিত করবে। এরপর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। এতে জনগণের দুর্ভোগ কমবে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরো গতিশীল হবে।
সভায় উপস্থিত সংসদ সদস্যরাও নাগরিক সমস্যার দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং আসনভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্তকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। সভায় আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করে নাগরিক সেবা কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম, সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন প্রমুখ।











