নগরীর চকবাজার এলাকার যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে স্থানীয় মহল্লা কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাতে লোহার গ্রিল করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার নগরীর ডিসি রোড (আংশিক) চাঁন্দ মিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির উদ্যোগে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র শাহাদাত হোসেন বলেন, চকবাজারের সবচেয়ে বড় সমস্যা যানজট। এখানে ফুটপাত দখল করে ব্যবসা করা হচ্ছে। চকবাজার কাঁচাবাজারে কর্পোরেশনের একটি ভবন রয়েছে। সেখানে নিচতলায় মাছের বাজার এবং দ্বিতীয় তলায় সবজির বাজার রয়েছে। এরপরও অনেকে ফুটপাত দখল করে ব্যবসা করছেন। আমরা উচ্ছেদ করে দেওয়ার পর আবারও দখল করে ব্যবসা শুরু করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এমপি বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটি পরিবারের স্বপ্ন নষ্ট করে দিচ্ছে মাদক। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহল্লা কমিটির সভাপতি এমদাদুল হক বাদশার সভাপতিত্বে এবং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক লায়ন এম এ মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ নাসির মিয়া, চকবাজার–বাকলিয়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদ সাজ্জাদ হোসাইন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মহল্লা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












