হাটহাজারীতে সাবরিনা জান্নাত মাহিরা নামে দুই মাসের এক কন্যা শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ ওঠেছে শিশুর পিতা ওসমান গণির বিরুদ্ধে। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামের ইব্রাহীম মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহিরা ওসমান গণি ও সুমাইয়া আক্তার দম্পতির কন্যা।
এদিকে বিডিনিউজ জানায়, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সকালে দুই মাস বয়সি শিশুটিকে নিয়ে তার মা খাটে বসে ছিলেন। এ সময় শিশুটির বাবা ওসমান গণি তাকে ও তার ভাইকে চা দিতে স্ত্রীকে বলেন। চা দিতে দেরি করায় ওসমান গণি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে খাট থেকে নিয়ে দুই বার মাটিতে আছাড় দেয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আজিজ।
এরপর নিহত মাহিরাকে নিয়ে বাড়ি চলে যান স্বজনরা। এ সময় পিতা ওসমান গনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ শিশু মাহিরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশু মাহিরার চাচা রোমানকে (২৫) আটক করা হয়েছে বলেও জানান তিনি।













