চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় নিয়ে এসেছে। শিক্ষা ও স্বাস্থ্যে চসিক নিজস্ব আয় থেকে বড় অংকের ভর্তুকি দিয়ে পরিচালনা করছে। তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে ইতোমধ্যে শিক্ষক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। শিক্ষকদের দায়িত্বের সাথে পাঠদানে মনোযোগীর পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি জোর দিতে হবে।
সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপরোক্ত কথা বলেন। গত বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিশিঞ্জার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, গভর্নিং বডির সদস্য আবু মুসা, নুর আহমদ গুড্ডু, দিদারুর রহমান সুমন ও আমির আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, সরাইপাড়া সিটি কর্পোরেশনের স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল আবছার রুকনতি এবং সহকারী প্রধান শিক্ষক মিসেস বিলকিস আরা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করে তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির চর্চার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. চিম্ময় গুহ এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে আয়োজিত এ পর্ব দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাউসার সাদেকা এবং যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মনিকা বিশ্বাস।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










