দুর্যোগকালীন জরুরি সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও রেড ক্রিসেন্টের সমন্বয়ে ১০১ সদস্যের র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ঘোষিত র্যাপিড রেসপন্স টিমে চসিকের সচিব মো. আশরাফুল আমিনকে আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদকে সদস্য সচিব করা হয়েছে।
সভায় মেয়র বলেন, আমরা রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সহযোগিতায় একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছি। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এই র্যাপিড রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে মাঠে কাজ করবে। এ সময় রেড ক্রিসেন্টের পক্ষ থেকে নগরবাসীকে যেকোনো জরুরি সহযোগিতার জন্য ০১৮০৫–৭৮৩৩৮৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।












