চলে গেলেন উদীচী চট্টগ্রামের সভাপতি চন্দন দাশ

| সোমবার , ১ জুন, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

বর্ষীয়ান বাম রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশের (৭৪) জীবনাবসান হয়েছে। গত শুক্রবার সকালে নগরীর পাথরঘাটায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী এবং কানাডা প্রবাসী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। বাড়ি সাতকানিয়া উপজেলায়। ছাত্র ইউনিয়নের সাবেক নেতা চন্দন দাশ চট্টগ্রামে উদীচীর প্রতিষ্ঠাকালীন একজন সদস্য ছিলেন। তিনি জেলা সিপিবির সদস্য ছিলেন। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডেন), চট্টগ্রামের সভাপতি ছিলেন। শনিবার সকালে প্রয়াতের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দৈনিক আজাদী চত্বরে নেওয়া হয়।

উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তার স্বাগত বক্তব্য এবং সাংবাদিক রমেন দাশগুপ্তের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, কবি ও সাংবাদিক আবুল মোমেন, সিপিবির প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহআলম, গেরিলা যোদ্ধা বালাগাত উল্লাহ, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, জেলা টিইউসির সভাপতি তপন দত্ত, প্রাবন্ধিক সুভাষ দে, ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন, বোধন আবৃত্তি পরিষদের আব্দুল হালিম দোভাষ, খেলাঘরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার মজুমদার ও রথীন সেন, নববর্ষ উদযাপন পরিষদের সহসভাপতি কামরুল হাসান বাদল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, শিল্পী কল্পনা লালা, সিপিবি নেতা অধ্যাপক কানাই দাশ ও মোহাম্মদ জাহাঙ্গীর, বাসদ নেতা আল কাদেরী জয়, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমী, নাট্যজন স্বপন মজুমদার, বাকবিশিস নেতা শিমুল বড়ুয়া, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোটের ফারুক তাহের, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, চট্টগ্রাম বিভাগীয় উদীচীর সম্পাদক শেখ ফরিদ, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চু, নাট্যজন সঞ্জীব বড়ুয়া, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ দেবনাথ।

এম এ মালেক বলেন, ডা. চন্দন দাশ আমাদের ছেড়ে গেছেন। উনার শেষযাত্রায় এত মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি এমন কিছু করে গেছেন, যে কাজের মধ্য দিয়ে তিনি সবার শ্রদ্ধার আসনে আসীন হয়েছেন। চন্দন দাশের কর্ম তাকে দীর্ঘকাল মানুষের স্মৃতিতে, অনুভবে বাঁচিয়ে রাখবে।

আবুল মোমেন বলেন, সংস্কৃতি আর রাজনীতির মধ্যে যে মেলবন্ধন, ডা. চন্দন দাশ সেটাকে ধারণ করেছিলেন নিবিড়ভাবে। তিনি যে আদর্শ নিয়ে আমৃত্যু সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম আমাদের টিকিয়ে রাখতে হবে।

এরপর সংগঠন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদীচীর শিল্পীরা সভাপতিকে অন্তিম বিদায় জানান। কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি শিবানী ভট্টাচার্য শপথবাক্য পাঠ করান। বিভিন্ন সংগঠনের মধ্যে ফুলকি, নজরুল সঙ্গীত শিল্পীসংস্থা চট্টগ্রাম, খেলাঘর চট্টগ্রাম মহানগর, মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, উদীচী কেন্দ্রীয় সংসদ ও চট্টগ্রাম জেলা সংসদ, ছাত্র ইউনিয়নন্যাপকমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনী, প্রগতির যাত্রী, প্রমা আবৃত্তি সংগঠন, বাসদ, বাসদমার্কসবাদী, গণসংহতি আন্দোলন, ন্যাপ, বাকবিশিস, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট, উদীচী রাউজান শাখা, মহিলা পরিষদ চট্টগ্রাম, ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, কথাসুন্দর নাট্যদল, গণায়ন, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী, বিটা পরিবার, বোধন আবৃত্তি পরিষদ, সম্মিলিত আবৃত্তি জোট, নববর্ষ উদযাপন পরিষদ (সিআরবি), বোধন চট্টগ্রাম, সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম, সঙ্গীত সংগঠন মোর্চা, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি, জেলা শিল্পকলা একাডেমি, ফেইম মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন শোকবার্তা পাঠান।

এর আগে শনিবার সকালে চন্দন দাশের মরদেহ শেষবারের মতো হাজারী লেনে সিপিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে পার্টির পক্ষ থেকে নেতাকর্মীরা বিপ্লবী সালাম জানানোর পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিস্ট সঙ্গীত গেয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় চট্টগ্রাম জেলা সিপিবির সহসাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহআলম, প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
পরবর্তী নিবন্ধরাউজানে দুই যুবক ছুরিকাহত