বিরল ও প্রাণঘাতি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস রোগের সাথে দীর্ঘ দিন লড়াইয়ের পর অবশেষে মারা গেলেন ৩৮ বছর বয়সী আফগানিস্তানের বাঁ–হাতি পেসার শাপুর জাদরান। ৩৯তম জন্মদিনের ঠিক একদিন আগে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাদরান। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে দিল্লির হাসপাতালে ভর্তি হন জাদরান। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা ও কাঁধ সমান লম্বা চুলের সাথে লম্বা রান আপে আগ্রাসী বোলিংয়ে আফগানিস্তান ক্রিকেটে জনপ্রিয় ক্রিকেটার ছিলেন জাদরান। ২০০৯ সালের আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয় জাদরানের। পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টিতেও অভিষেক হয় তার। ৪৪টি ওয়ানডেতে ৪৩ উইকেট এবং ৩৬টি টি–টোয়েন্টি ম্যাচে ৩৭ উইকেট শিকার করেছেন জাদরান। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে, চার টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে নয় ম্যাচে নয় উইকেট শিকার করেন তিনি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন জাদরান। বাংলাদেশের টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন জাদরান। ২০১৩ আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের জার্সিতে ৮ ম্যাচে অংশ নিয়ে ১৯২ রানের বিনিময়ে ১০ উইকেট শিকার করেছিলেন তিনি।












