বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও পরিবেশবাদী সংগঠন ১টাকায় বৃক্ষরোপণ’র যৌথ আয়োজনে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান এই কর্মসূচির উদ্বোধন করেন।
সে সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)র ভিপি ইব্রাহিম রনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য ও হালদা নদী গবেষক পরিবেশবিদ অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. শামশুল হুদা, চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, সহ–ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রীতা, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান ও পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন।
এতে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্লাস্টিকের প্রতি নিরুৎসাহিত হয়ে বৃক্ষের প্রতি উৎসাহিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের এমন আয়োজন সে সবুজ রক্ষায় সারথি হবে। আমি এমন উদ্যোগের ক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালন করার আহ্বান জানায়।
অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, আমাদের প্লাস্টিক হ্রাস করে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আজকের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্লাস্টিক সহজে নিঃশেষ হয় না। প্লাস্টিক একটা সময় ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে মাইক্রো প্লাস্টিক, পরে ন্যানো প্লাস্টিকে পরিণত হয়। যা মানব শরীরে নানান রোগব্যাধি সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, আমাদের দেশে যতটুকু বৃক্ষ থাকা দরকার ততটুকু নেই। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি। পাহাড়গুলোতে বৃক্ষ নিধন করছি। ফলশ্রুতিতে পাহাড়ধসের মতো নানান বিপর্যয় নেমে আসছে। আমাদের নিজেদের বেচে থাকার জন্যেই বৃক্ষরোপণ করতে হবে এবং সঠিক জায়গায় সঠিক বৃক্ষ লাগাতে হবে।
১টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন বলেন, বর্তমানে যে তাপদাহ তা থেকে বাঁচতে বৃক্ষরোপণ এখন ফরজ হয়ে উঠেছে। কিয়ামতের মহাপ্রলয়ের আগে সুযোগ পেলে অন্তত ১টি বৃক্ষরোপণের কথা স্বয়ং নবী (সা.) বলে গেছে। আমাদের উচিত নিজেদের প্রয়োজনেই বৃক্ষরোপণ করা। ১টাকায় বৃক্ষরোপণ ২০১৯ সাল থেকে সেই কাজটাই করছে। প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণের মাধ্যমে আমরা প্লাস্টিকের প্রতি মানুষকে নিরুৎসাহিত করে বৃক্ষের প্রতি উৎসাহিত গড়ে তুলতে চাই। আমরা মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন করে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।











