চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল শিবির

চবি প্রতিনিধি | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে চবি শাখার শিবির নেতারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও পামবাগান সড়কের মোড় এলাকা থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে রাত আড়াইটার দিকে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটকের পর ওই শিক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি করে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য–প্রমাণ পাওয়ার দাবি করেন চাকসু নেতারা। তাদের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই শিক্ষার্থী যুক্ত ছিলেন।

তবে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের সঙ্গে তার পরিচয় ছিল। তার মাধ্যমে তিনি ক্যাম্পাসের ১নং গেটে ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেন। ওই মিছিলে অংশ নেওয়ার পর তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত করা হয় বলেও জানান তিনি।

চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, সন্দেহের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তার ফোনে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য–প্রমাণ এবং জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার স্বীকারোক্তি পাওয়া গেলে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধইয়ং, সন্দ্বীপ, আকুবদন্ডী ও চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের জয়লাভ
পরবর্তী নিবন্ধখুলশীতে নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার