শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট (এসজেডএইচএমটি) আগামী ৯–১১ ডিসেম্বর চট্টগ্রামে এসজেডএইচএমটি ৮ম আন্তর্জাতিক সুফি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘তাসাউফ, সামাজিক সম্প্রীতি ও বিশ্বশান্তি’।
আন্তর্জাতিক এই সম্মেলনের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, সুফি অনুশীলনকারী, বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের একত্রিত করে আধুনিক বিশ্বের সংঘাত, বৈষম্য, উগ্রবাদ ও সামাজিক বিভাজনের মতো সমসাময়িক বৈশ্বিক সমস্যার সমাধানে তাসাউফ বা সুফিবাদের ভূমিকা নিয়ে আলোচনা করা। খবর বাসসের।
সম্মেলনটি গাউসুল আযম শাহ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে। তাঁর আধ্যাত্মিক ঐতিহ্য ও দক্ষিণ এশিয়ায় সুফিবাদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানও এ সম্মেলনে বিশেষভাবে তুলে ধরা হবে। সম্মেলন উপলক্ষ্যে আগ্রহী গবেষক ও স্কলারদের নিকট হতে প্রবন্ধের সারসংক্ষেপ আহ্বান করা হয়েছে। সারসংক্ষেপ ২৫০–৩০০ শব্দের মধ্যে ইংরেজি ভাষায় জমা দিতে হবে। পূর্ণাঙ্গ প্রবন্ধ ও উপস্থাপনা বাংলা, ইংরেজি, আরবি অথবা উর্দু ভাষায় গ্রহণযোগ্য হবে। সারসংক্ষেপ জমাদানের শেষ তারিখ ৩১ মে ২০২৬। গ্রহণযোগ্যতার নোটিশ : ১৬–৩০ জুন। পূর্ণাঙ্গ প্রবন্ধ জমাদান : ১ আগস্ট–৩০ সেপ্টেম্বর। আগ্রহীরা এই লিংকের মাধ্যমে সারসংক্ষেপ জমা দিতে পারবেন। https://forms.gle/yJNF2h3MpQzYuwrk9, শিক্ষাবিদ, গবেষক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থী, সুফি গবেষক, আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচিত প্রবন্ধসমূহ সম্মেলনের কার্যবিবরণী ও সংশ্লিষ্ট জার্নালে প্রকাশের সুযোগ পাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ– ইমেইল: szhmt.suficonf@gmail.com, ওয়েবসাইট : www.szhmtrust.org, আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই সম্মেলনের মাধ্যমে তাসাওউফের চিরন্তন শিক্ষা মানবসমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












