চট্টগ্রামে সর্বশেষ সফর করেছিল আয়ারল্যান্ড ক্রিকেট দল। গত নভেম্বর–ডিসেম্বরে তারা চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচ খেলে গিয়েছিল। সে সিরিজে বাংলাদেশ দুটি এবং আয়ারল্যান্ড একটি ম্যাচ জিতেছিল। এবার চট্টগ্রামে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজের শেষ ওয়ানডে এবং তিন ম্যাচের দুটি টি–টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে দুই দলই চট্টগ্রামে এসে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তারা বন্দরনগরীতে পৌঁছে। বর্তমানে দু’দলের খেলোয়াড়রা পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অবস্থান করছেন। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ওয়ানডের ম্যাচের দু’দলের ব্যবধান এখন ১–১। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সিরিজের শেষ টি–টোয়েন্টি ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।
আগামীকালের ম্যাচকে সামনে রেখে দুই দলই আজ বুধবার সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেবে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতেই অনুশীলনে মাঠে নামবেন দু’দলের খেলোয়াড়রা। এদিন বাংলাদেশ দলের সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুশীলনের শিডিউল রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড দল একই ভেন্যুতে বেলা ২টা থেকে ৬টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত থাকবে।

দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ড দলের সংবাদ সম্মেলন দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচ এবং দুটি টি–টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যেই চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ম্যাচগুলোর টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এবং স্ট্যান্ডভেদে মূল্য নির্ধারণ করা হয়েছে ভিন্নভাবে।
এদিকে চট্টগ্রামের ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভেন্যুতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা চট্টগ্রামে বরাবরই দর্শকদের উপস্থিতি থাকে লক্ষণীয়। এবারও তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ–নিউজিল্যান্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।













