চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির

বিশ্রামে মোস্তাফিজুর, তাসকিন ও নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টিটোয়েন্টির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে অনুষ্ঠেয় এই ম্যাচ দুটিতে বিশ্রাম পেয়েছেন তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন অলরাউন্ডার আব্দুল গাফ্‌ফার সাকলাইন। যেখানেই সুযোগ পেয়েছেন ভালো করেছেন তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন তিনি। সেখানে তার সঙ্গী তরুণ পেসার রিপন মন্ডল। গত নভেম্বরডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কন। ওই সিরিজের তৃতীয় ম্যাচের দলে ফেরা শামীম হোসেন ধরে রেখেছেন জায়গা। টেপ টেনিস থেকে উঠে এসে ঘরোয়া ক্রিকেট রাঙান সাকলাইন। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে দারুণ বোলিংয়ে নজরকাড়া এই পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলে কড়া নাড়ছিলেন কিছু দিন ধরেই। এবার পেলেন প্রত্যাশিত ডাক। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সংস্করণের সঙ্গে মানানসই বোলিং স্কিল দিয়ে সামপ্রতিক সময়ে নজর কাড়েন ২৮ বছর বয়সী সাকলাইন। প্রথমবারের মতো তার দলে ডাক পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে তার বড় শট খেলার সামর্থ্যও। স্বীকৃত টিটোয়েন্টিতে ২৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন সাকলাইন। ওভারপ্রতি দিয়েছেন কেবল ৬.৬৬ রান। চার উইকেট পেয়েছেন একবার। ১৩৪.৩২ স্ট্রাইক রেটে করেছেন ৯০ রান, সর্বোচ্চ ৩২। ২৩ বছর বয়সী রিপন এরই মধ্যে তিনটি আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন, ২০২৩ এশিয়ান গেমসে। ওই আসরে অবশ্য আসলে জাতীয় দল অংশ নেয়নি। মূল জাতীয় দলে তিনি ডাক পেলেন এবারই প্রথম। ৩৬ টিটোয়েন্টিতে রিপন নিয়েছেন ৫৯ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৮.১১ রান। চার উইকেট নিয়েছেন তিনবার, সেরা ৪/১৩। বীরশ্রষ্ঠে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার হবে প্রথম টিটোয়েন্টি। একদিন পর একই মাঠে দ্বিতীয়। তৃতীয় ম্যাচ হবে ঢাকায়। ওই ম্যাচের দল যথাসময়ে ঘোষণা করবে বিসিবি।

প্রথম দুই টিটোয়েন্টির এই স্কোয়াডে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস, আর তার ডেপুটি হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফ হাসান। প্রথম দুই টিটোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহঅধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম শ্রেণির ক্রিকেটে ‘৩০০’ উইকেটের মাইলফলকে নাঈম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম পর্বে টিকিটের মূল্য