চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথমদিনে গতকাল বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় ১ হাজার ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে চট্টগ্রামের শিক্ষা বোর্ডের অধীনে ৫টি জেলার ২১৮টি কেন্দ্রে কোন পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। গতকাল ১ লাখ ৫ হাজার ৮৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তীব্র গরমের মাঝে কোথাও কোথাও লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি হলেও কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার ৮৭২ জন। ১ হাজার ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বাকিরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিয়েছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম, কঙবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে শিক্ষা বোর্ড। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম মাঠে দায়িত্ব পালন করেছেন। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হয়েছে।













